কৃত্রিম বুদ্ধিমত্তা: উন্নয়নশীল দেশগুলোর সামর্থ্যকে গুরুত্ব দেয়ার তাগিদ

২৮ নভেম্বর, ২০১৯ ০৮:১৪  
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উন্নয়নশীল দেশগুলোর সামর্থ্যকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন কোডার্স ট্রাস্ট এর সহ-প্রতিষ্ঠান ও প্রধান স্ট্রাটেজিস্ট আজিজ আহমেদ। ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্ট আয়োজিত ডিজিটাল ইউনিয়নে আলোচনায় অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। এসময় ইউরোপীয় সংসদ সদস্য স্টিফেন সেজর্ন, ড্রাগোস টুডোরাসে, ফ্রাঙ্ক আগস্টো জাম্পিনি, এস্তোনিয়ার সাবেক প্রধানমন্ত্রী অ্যান্ড্রুস অ্যানসিপ, রোমানিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড্যাসিয়ান সিওলোস প্রমুখ উপস্থিত ছিলেন। ইউরোপিয়ান পার্লামেন্টে গত ২০ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার ও নাগরিক জীবনে স্বাধীনতা নিয়ে আলোচনা করেন নিউ ইয়র্কভিত্তিক ইউটিসি অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আজিজ আহমেদ। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য অনেক দেশই যখন এ বিষয়ে আলোচনা করছে তখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উন্নয়নশীল দেশগুলোর সামর্থ্য আমাদের খেয়াল রাখা উচিত। যাতে বৈশ্বিকভাবে তারা এক্ষেত্রে অবদান রাখতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার নিয়ে প্রযুক্তি বিশ্বে রয়েছে নানা বিতর্কের বিষয় উপস্থাপন করে ‘এটি আমাদের জীবনযাত্রা যেমন প্রত্যাশার চেয়ে সহজ করবে তেমন ঝুঁকিও রয়েছে’ মন্তব্য করেন আজিজ আহমেদ। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কাঠামো তৈরি করা আবশ্যক। তবে, অবশ্যই দৃষ্টি রাখতে হবে যেন তা মানবতার উন্নতি এবং সামাজিক কল্যাণে ব্যবহৃত হয়।